প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা ঘিরে চলমান অসন্তোষ ও শ্রমিক আন্দোলনের মধ্যে শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ওই দিন থেকে শ্রমিকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কারখানায় কাজে ফেরার পরিবেশ তৈরি হোক, এটাই সরকারের প্রত্যাশা।
একই সঙ্গে শ্রমিক পরিচয় ব্যবহার করে কেউ পরিকল্পিতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি এবং সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমশক্তির নেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
শ্রমিকদের দাবি ও অসন্তোষ প্রকাশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন নিজেদের কথা বলার অধিকার আছে, তেমনি তাদের কথা শোনাও সরকারের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করবে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন। এ নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ না করে নিরপেক্ষ অবস্থান থেকে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এ জন্য মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।
শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে বলে মন্তব্য করেন মন্ত্রী। এতে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো সহজ হবে বলেও মনে করেন তিনি। তার ভাষ্য, কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া কাম্য নয়। শিল্পের অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের স্বার্থও সুরক্ষিত রাখতে হবে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
