প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা একই দিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনসংক্রান্ত নিয়মাবলি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালের আগে এসএসসি, ও লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না। প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ হতে হবে। তবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিশেষ শর্ত
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসনও এই সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩-এর কম হলে তাঁরা আবেদনের যোগ্য হবেন না।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
এইচএসসি সিলেবাস অনুসারে ১০০টি বহুনির্বাচনী প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো-জীববিজ্ঞান: ৩০ নম্বর, রসায়ন: ২৫ নম্বর, পদার্থবিজ্ঞান: ১৫ নম্বর, ইংরেজি: ১৫ নম্বর, সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাস নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশের মেডিকেল বা ডেন্টাল কলেজে এমবিবিএস কিংবা বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
জিপিএর নম্বর যেভাবে হিসাব হবে
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ভিত্তিতে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এর মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া জিপিএর ৮ গুণ হিসেবে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর গণনা করা হবে। লিখিত ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বর এবং দুই পরীক্ষার জিপিএভিত্তিক নম্বর যোগ করে মেধাক্রম তৈরি করা হবে।
তবে আগের শিক্ষাবর্ষের (২০২৫ সালে) এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর বাদ দেওয়া হবে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাক্রম নির্ধারণ করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়সূচি
- আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট
- আবেদন ফি জমার শেষ সময়: ৪ ডিসেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট
- প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট: ১৪ থেকে ১৭ ডিসেম্বর
- ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা
ভর্তি পরীক্ষার আবেদন ফি
এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি ১ হাজার টাকা। শুধু প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
এমবিবিএস ও বিডিএস কোর্সে আবেদনের নিয়ম জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে প্রবেশ করুন।
