প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত লিওনেল মেসি। তবে এবার আলোচনায় তার ফুটবল ক্যারিয়ার নয়, বরং স্কুলজীবনের একটি পুরোনো নম্বরপত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আর্জেন্টাইন এই তারকার সপ্তম শ্রেণির মার্কশিট। সেখানে গণিতসহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
মার্কশিটের ছবিটি কীভাবে প্রকাশ্যে এল, তা এখনো জানা যায়নি। তবে ছবিতে দেখা গেছে, ১৩ বছর বয়সে মেসি রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন। সে সময়ের এই নম্বরপত্রে কোন পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।
স্কুলে পড়ার সময় মেসি খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। দিনের বড় একটি সময়ই কাটত ফুটবল নিয়ে। তবে খেলাধুলায় ব্যস্ত থাকলেও পড়াশোনায় একেবারে পিছিয়ে ছিলেন না তিনি-অন্তত প্রকাশিত নম্বরপত্রে তেমন ইঙ্গিতই পাওয়া যায়।
মার্কশিট অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে তার নম্বর ছিল ৮। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিএই পাঁচ বিষয়ে পেয়েছিলেন ৬ করে। আর ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে তার প্রাপ্ত নম্বর ছিল ৭।
শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। শিল্প ও সংগীতে ভালো নম্বর পাওয়ার বিষয়টিও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। মেসির ফুটবল খেলার শৈলীকে অনেকেই শিল্প কিংবা সংগীতের সঙ্গে তুলনা করেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নম্বরপত্রে মেসির একাডেমিক ফল মোটামুটি মানের হলেও শিক্ষকেরা খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক ছিলেন আন্দ্রেয়া সোসা। তার ভাষ্য অনুযায়ী, মেসি ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের। শ্রেণিকক্ষের কার্যক্রমেও খুব একটা অংশ নিতেন না তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে খেলার মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও তার শান্ত স্বভাবের কথা স্মরণ করেছেন। একই সঙ্গে ফুটবলের প্রতি মেসির আকর্ষণের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। মনিকার ভাষায়, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’
নিজেও একাধিকবার স্বীকার করেছেন, পড়াশোনা তার সবচেয়ে শক্তিশালী দিক ছিল না। রোজারিওতে কাটানো শৈশবের স্মৃতিচারণা করে মেসি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলেও জানিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি তার আগ্রহে খুব একটা পরিবর্তন আসেনি। মেসির স্মৃতিচারণা অনুযায়ী, ক্লাসে তাঁরা আনন্দ করতেন ঠিকই, তবে পড়াশোনা কখনোই তাদের অগ্রাধিকারের বিষয় ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি; আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’
শৈশবের স্কুলের সঙ্গে এখনো যোগাযোগ
বিশ্বকাপজয়ী মেসি এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। বার্সেলোনার হয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। ক্যারিয়ারের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা। সেখানেও শিরোপা জিতেছেন তিনি।
তবে বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার পরও শৈশবের স্কুলের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন মেসি। তারকা হওয়ার পর একাধিকবার লাস হেরাস স্কুলে গেছেন তিনি। প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সময়ে অনুদানও দিয়েছেন। তার সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। এ ছাড়া খেলার মাঠের বেঞ্চগুলোও সংস্কার করা সম্ভব হয়েছে-যে মাঠে একসময় বিরতির সময় খেলায় মেতে উঠতেন ছোট্ট মেসি।
রোজারিওর লাস হেরাস এলাকায় অবস্থিত এই স্কুলটি মেসির শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। পুরোনো নিউজলেটার নতুন করে প্রকাশের সূত্র ধরে তার স্কুলজীবনের নম্বরপত্রটি সামনে এসেছে। তবে ছবিটি কার মাধ্যমে বা কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
