বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ -- : -- --

খুকুবিতে ক্লাস চলাকালীন সিলিং ধস, আহত ১

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের সিলিং ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের লেভেল-১, সেমিস্টার-১ এর ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে সিলিংয়ের একাংশ ভেঙে ওই শিক্ষার্থীর ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন। পরে সহপাঠী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই অস্থায়ী ক্যাম্পাসের টিনশেড শ্রেণিকক্ষগুলো নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশা, এই ঘটনার পর শ্রেণিকক্ষগুলোর নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হবে। সিলিংয়ের নাজুক অবস্থার কারণে এখন ক্লাসে বসেও তারা আতঙ্কে থাকেন বলে জানান কয়েকজন শিক্ষার্থী।

শুধু সিলিং নয়, অস্থায়ী ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ নিয়েও কথা বলেছেন শিক্ষার্থীরা। গ্রীষ্মে অসহনীয় গরম, বর্ষায় জলাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগ, শীতে প্রতিকূল পরিবেশে ক্লাস করতে হয় তাদের। এছাড়া পর্যাপ্ত শৌচাগার, আধুনিক ল্যাবরেটরি ও শ্রেণিকক্ষের সংকট, সাপ-বিচ্ছুর উপদ্রব, পর্যাপ্ত যানবাহনের অভাব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতায়াত ও নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগের কথা জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শ্রেণিকক্ষগুলোর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে দ্রুতই নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

Link copied!