প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
শিক্ষাজীবনের সমাপ্তি মানেই বিদায় নয়; বরং বিদায় থেকে নতুন অভিজ্ঞতা অর্জন, শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগ তৈরি হয়—এমন মন্তব্য করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ভবনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘বিদায় এবং বিদায়-পরবর্তী কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিদায় মানে সবকিছুর সমাপ্তি নয়। বিদায়ের মধ্য দিয়েও অনেক কিছু জানার, শেখার এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ১০ লাখ টাকা পর্যন্ত উদ্যোক্তা ঋণে সুদমুক্ত সুবিধার বিষয়টি তরুণদের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদায় থেকে মানুষের অনেক কিছু শেখার ও জানার রয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু বিসিএস বা সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য হিসেবে বিবেচনা না করে বিকল্প কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা (Communication Skills), সহযোগিতামূলক কাজের সক্ষমতা (Collaboration Skills) এবং অন্যান্য প্রয়োজনীয় সফট স্কিল (Soft Skills) অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা অর্জন এবং উচ্চশিক্ষার পর কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার অংশ হিসেবে জাপানিজ, কোরিয়ান ও চাইনিজ ভাষা চালুর প্রস্তাবনা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রসঙ্গে উপাচার্য জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পটি পুনরায় একনেকে অনুমোদনের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। স্থায়ী ক্যাম্পাস-সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো নিরসন করে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার্থীদের বিদায়-পরবর্তী কর্মজীবন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, আন্তর্জাতিক ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব পায়।
