বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ -- : -- --

প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

জেনিফার বারেত্তোই, ছবি: সংগৃহীত

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন কখনো দেখেননি। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন মনোবিজ্ঞান ও সমাজকর্মের মতো ভিন্ন একটি ক্ষেত্র। কাজ করেছেন পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। সেই জেনিফার বারেত্তোই এবার জিতে নিলেন মিস ইউনিভার্সের মুকুট। পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই মনোবিজ্ঞানী প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব অর্জন করে গড়েছেন নতুন ইতিহাস।

২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে কয়েকটি ধাপ অতিক্রম করে বিজয়ী হন জেনিফার। নিজের দেশেই আয়োজিত প্রতিযোগিতায় তাঁর মাথায় ওঠে কাঙ্ক্ষিত মুকুট।

দীর্ঘদিন ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০২৩ সালে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়। পরের বছর প্রতিযোগীদের বয়সের সর্বোচ্চ সীমাও বাতিল করা হয়। এবারের আসরে সাতজন মা প্রতিযোগী হিসেবে অংশ নেন। তাদের মধ্যে সেরা পাঁচে জায়গা করে নেওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন জেনিফার।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম জেনিফারের। বেড়ে উঠেছেন ইসাবেলায়। তাঁর পুরো নাম জেনিফার আব্রেউ মোরা। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পারিবারিক সহিংসতা, শিশু সুরক্ষা, মানসিক আঘাত মোকাবিলা ও আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়েও বিশেষ প্রশিক্ষণ রয়েছে তাঁর।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করতেন। সেনাসদস্যদের পরিবারের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি কার্ল আর ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন।

পরবর্তী সময়ে ক্ষতিকর আচরণ ও সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন জেনিফার। সমাজের বিভিন্ন স্তরে সহিংসতার ঝুঁকির কারণ শনাক্ত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার কৌশল নির্ধারণ তার কাজের গুরুত্বপূর্ণ অংশ।

জেনিফারের স্বামী ইয়ান কার্লোস বারেত্তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত। ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান পেনেলোপের জন্ম হয়। মা হওয়ার অভিজ্ঞতা তার ব্যক্তিগত জীবন ও পেশাগত ভাবনায়ও পরিবর্তন আনে।

‘হোলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার জানান, মা হওয়ার পর তাকে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সময়ে নিজেও পেশাদার সহায়তা নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনের এই অভিজ্ঞতা তাকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। মনোবিজ্ঞান ও সমাজকর্ম নিয়ে পড়াশোনার পেছনেও এ অভিজ্ঞতার প্রভাব রয়েছে।

তবে স্ত্রী কিংবা মা-কোনো একটি পরিচয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না জেনিফার। একজন নারী, পেশাজীবী, স্ত্রী ও মা-প্রতিটি পরিচয়কেই তিনি সমান গুরুত্ব দেন।

পরিবারের এক সদস্যের অনুপ্রেরণায় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবেন তিনি। পরে বুঝতে পারেন, এই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে নিজের সামাজিক উদ্যোগ ও সচেতনতামূলক কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

জেনিফারের কাছে সৌন্দর্য প্রতিযোগিতা কেবল ব্যক্তিগত সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা প্রতিভা প্রদর্শনের জায়গা নয়; বরং সামাজিক পরিবর্তনের পক্ষে কথা বলারও একটি সুযোগ। তার মতে, সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি এ ধরনের ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগিয়ে নারী ও শিশুর নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি আরও বিস্তৃত করতে চান জেনিফার। একসময় যে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাও ভাবেননি, সেই মঞ্চেই এখন তিনি বিশ্বসুন্দরীর মুকুটজয়ী। তার এই অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়ায় বদলে যাওয়া প্রতিযোগিতার ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করছে।

Link copied!