প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
মানুষ মিথ্যা বলে। কখনও জেনে বলে, কখনও নিজের অজান্তেই। কিন্তু জীবজগতের অন্য প্রাণীরা? তারাও কি মানুষের মতো মিথ্যা বলতে পারে? ছলনা করতে পারে? পারলেও, জেনেশুনে ছল করতে পারে কি? কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সদ্য প্রকাশিত একটি গবেষণামূলক বইয়ে এ বিষয়ে বিশদে লিখেছেন জীববিজ্ঞানী জেম্স ও’হ্যানলন। বইটির নাম ‘লায়ার্স, চিট্স অ্যান্ড কপিক্যাট্স: ট্রিকারি অ্যান্ড ডিসেপশন ইন নেচার’। বইটিতে রেনফরেস্ট থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত প্রাণী ও উদ্ভিদ কী ভাবে শিকারির হাত থেকে বাঁচতে, শিকার ধরতে এবং বংশবিস্তার করতে ছদ্মবেশ ও প্রতারণার আশ্রয় নেয়, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই কৌশল সচেতন ভাবেই অবলম্বন করা হয় কি না, সে ব্যাপারেও আলোচনা করেছেন জেম্স।
প্রথমেই তিনি সেই ছলচাতুরীর দিকে নজর দিয়েছেন, যেগুলি সচেতনভাবে পরিকল্পিত নয়। কিছু কিছু প্রাণী তাদের সহজাত প্রবৃত্তি থেকেই অন্য প্রাণীদের ছলনা করে থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ অর্কিড ম্যান্টিস নামের একটি পোকা। এই পোকাটি দেখতে হুবহু ফুলের মতো। তবে বৈজ্ঞানিক গবেষণায় জানা গিয়েছে, এরা এদের সহজাত ক্ষমতায় শরীরে ফুলের নকশা ফুটিয়ে তোলে। আবার মথ বা প্রজাপতির ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। এদের ডানায় চোখের মতো দাগ দেখে শিকারি প্রাণী ভয় পায় ঠিকই, কিন্তু এর পিছনে তাদের নিজেদের চেয়ে প্রকৃতির কৃতিত্ব অনেক বেশি। বিজ্ঞান বলে, লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া শারীরিক অভিযোজনের ফলেই এই ক্ষমতা লাভ করেছে তারা।
তবে জেমসের লেখায় আরও কিছু প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে, যাদের আচরণ জীবজগতের অন্য সদস্যদের থেকে একেবারেই আলাদা। তাদের আচরণ দেখলে যে কোনও সাধারণ মানুষের মনে হওয়া স্বাভাবিক, এরা মানুষের মতোই অন্যকে ধোঁকা দিতে ইচ্ছাকৃত ভাবে তৎপর হয়। তবে বিজ্ঞান প্রমাণ চায়। জেম্স স্বীকার করেছেন, এই আচরণগুলি প্রাথমিকভাবে ইচ্ছাকৃত মনে হলেও তা বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ করা কঠিন কাজ। একটি পাখি বিজ্ঞানীমহলে প্রতারক হিসেবে বিশেষ ভাবে পরিচিত। তার নাম ফর্ক-টেল্ড ড্রঙ্গো। জেমসের মতে, এই ছোট আকারের আফ্রিকান পাখিটি অন্য পাখিদের অনুকরণ করে তাদের বিভ্রান্ত করতে সিদ্ধহস্ত। তবে প্রথমেই সে রাস্তা ধরে না ড্রঙ্গো। কালাহারি মরুভূমিতে মিরক্যাট বা ব্যাবলার পাখিরা যখন কোনও বড় পোকা বা খাবার খুঁজে পায়, ড্রঙ্গো তখন নিজের গলার স্বরেই শিকারি প্রাণীর (যেমন বাজপাখি বা শিয়াল) আগমনের মিথ্যা বিপদ সঙ্কেত দেয়। অন্যরা ভয়ে খাবার ফেলে লুকোলে ড্রঙ্গো তা খেয়ে নেয়। এরা নিজেদের দৈনিক খাবারের প্রায় ২৩ শতাংশ এ ভাবে চুরি করে জোগাড় করে।
এখানেই শেষ নয়। ড্রঙ্গো প্রায় ৫১ ধরনের বিপদসঙ্কেত দিতে পারে, যার মধ্যে ৬টি তাদের নিজস্ব এবং বাকি ৪৫টি মিরক্যাট বা অন্যান্য পাখির গলা নকল করে শেখা। শিকারি প্রাণীদের নিজেদের ভাষায় সঙ্কেত দিলে তারা বেশি ভয় পায় এবং দ্রুত খাবার ফেলে পালায়। ড্রঙ্গো বারবার একই মিথ্যা সঙ্কেত দিলে মিরক্যাটরা একসময় তা পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। টম ফ্লাওয়ার নামে এক গবেষকের পরীক্ষায় দেখা গিয়েছে, প্রথম বার মিথ্যা সঙ্কেত ব্যর্থ হলে ড্রঙ্গো পরের বার সঙ্কেত ধরন বদলে ফেলে। যেমন নিজের ডাক ছেড়ে মিরক্যাটের নিজস্ব বিপদসঙ্কেত নকল করে। আর এই কারণেই জেমসের ধারণা, যে প্রাণী ছলের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বারবার নকল করা ডাকের ধরন পরিবর্তন করতে পারে, সে কাজটি সচেতন ভাবেই করছে।
তবে কি প্রমাণ হয় মানুষ ছাড়াও সচেতন ভাবে মিথ্যা প্রতারণার সাহায্য নিচ্ছে আরও এক প্রাণী? জেমসের মতে, তা পুরোপুরি বলা যায় না। প্রাণীরা মিথ্যা বলতে পারে কি না, তা বোঝার ক্ষেত্রে বিজ্ঞান এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। দলবদ্ধ ভাবে বসবাসকারী সামাজিক প্রাণীদের মধ্যেই এমন প্রতারক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দলবদ্ধ ভাবে থাকলে খাদ্যের ভাগাভাগির জন্য অনেককে লড়তে হয়। ফলে এই ধরনের সচেতন প্রতারণার সাহায্য নেওয়ার উদাহরণ তাদের মধ্যেই বেশি। তা ছাড়া একসঙ্গে দীর্ঘদিন থাকার ফলে দলবদ্ধ প্রাণীরা একে অপরের ব্যবহার খুব কাছ থেকে লক্ষ করে। তাই তাঁদের মধ্যে মনস্তাত্ত্বিক জটিলতার সম্ভাবনাও অনেক বেশি। আর সেখান থেকেই সচেতন মিথ্যা বলার প্রবণতা বাড়ে। বিজ্ঞানের ভাষায় এক বলে ‘ম্যাকিয়াভেলিয়ান ইন্টেলিজেন্স’।
প্রাণীরা মানুষের মতো সচেতন ভাবে কোনও উদ্দেশ্যসাধন করতে মিথ্যা বলে, যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন। জেম্স এর পিছনে দুটি প্রধান পেশাগত কারণ উল্লেখ করেছেন। প্রাণীদের আচরণ নিয়ে গবেষণার অন্যতম প্রধান নিয়ম হল প্রাণীদের উপর মানুষের গুণাবলি, চিন্তাভাবনা বা আবেগ আরোপ না করা। বিজ্ঞানীদের সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয়। ধরে নেওয়া যাবে না, প্রাণীরা মানুষের মতো একই কারণে চিন্তা করে বা সিদ্ধান্ত নেয়। যেহেতু মিথ্যা বলার বিষয়টি সাধারণত মানবিক আচরণ হিসেবে দেখা হয়, তাই প্রাণীদের ক্ষেত্রে এটি কতটা সচেতন তা জোর দিয়ে বলা মুশকিল। প্রাণীদের মনস্তত্ব নিয়ে ভবিষ্যতে গবেষণা হলে এই বিষয়টি আরও পরিষ্কার হবে।
সূত্র: আনন্দবাজার
