প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের উদ্যোগ সফল না হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু জরুরি সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্ট নেসেটে ভোটের জন্য তোলার পরিকল্পনা রয়েছে। তবে দেশকে ঐতিহাসিক সন্ধিক্ষণে উল্লেখ করে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসন পায়। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে হলে নিজ জোটের শরিকদের আপত্তির মুখে পড়তে পারেন আইজেনকোট।
জোটের শরিক ইসরাইল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থনে গঠিত সরকারকে তিনি ভোট দেবেন না। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আপাতত এ ধরনের সরকার গঠনের পক্ষে নন। তিনি আইজেনকোটের নেতৃত্বে একটি ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
আইজেনকোটের মতে, এখন পার্লামেন্ট সদস্যদের নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তারা নতুন সরকার গঠনের পথ বেছে নেবেন, নাকি দেশকে আরেকটি নির্বাচনের দিকে নিয়ে যাবেন-সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।
এদিকে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনার কঠোর বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, এমন সরকার গঠিত হলে ইসরাইলের ভাগ্য ঝুঁকির মুখে পড়বে।
নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আইজেনকোট অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলে ইরানকে ঘিরে উত্তেজনা কাজে লাগাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আরবদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে সরকার গঠনের বিষয়ে আশাবাদী আইজেনকোট জানিয়েছেন, হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই সরকার গঠনের ব্যাপারে তিনি প্রত্যয়ী।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
