জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতা নিয়ে পাঠচর্চার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাঁর উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
পাঠচক্রে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বক্তব্যে তিনি বলেন, ‘এটি একটি সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠচক্রের আয়োজন করা হলেও বিভাগীয় পর্যায়ে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। একসঙ্গে বসে বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে। সবার দৃষ্টিভঙ্গি এক না হওয়ায় আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটাতে পারি।’
তিনি আরও বলেন, ‘পাঠচক্রের মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব। জ্ঞানার্জন ও আত্মবিকাশের জন্য আমাদের তিনটি কাজ করতে হবে। আর তা হলো-পড়তে, পড়তে এবং পড়তে হবে।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।