প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ জানুয়ারি ২০২৭।
১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম বৃহৎ কারিগরি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বৃত্তি ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
বৃত্তির আওতায় যেসব সুবিধা মিলবে
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক ও আবাসিক সুবিধা। সেগুলো হলো-
- খাবারের সুবিধা ছাড়া বছরে ৬ হাজার ইউরো বৃত্তি।
- খাবারের সুবিধাসহ বছরে ৩ হাজার ইউরো বৃত্তি।
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ।
- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার ব্যবস্থা।
- প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবার।
- জীবনযাত্রার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা।
- চিকিৎসাসংক্রান্ত সুবিধা।
আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। প্রোগ্রামভেদে যোগ্যতাগুলো হলো—
- স্নাতক: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদ থাকতে হবে।
- স্নাতকোত্তর: স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে।
- পিএইচডি: স্নাতকোত্তর ডিগ্রির সনদ থাকতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি বা ইতালীয় ভাষার দক্ষতা পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত অন্যান্য শর্তও মানতে হবে।
আবেদনে যেসব নথি লাগবে
অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে-
- আবেদনকারীর পাসপোর্ট ও ছবি।
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
- পূরণ করা অনলাইন আবেদনপত্র।
- আয় বা আর্থিক অবস্থার প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- ভাষাগত দক্ষতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- স্টেটমেন্ট অব পারপাস।
- অন্যান্য প্রয়োজনীয় নথি (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতার বিস্তারিত শর্ত এবং বৃত্তিসংক্রান্ত তথ্য জানতে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।
