সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

নৃবিজ্ঞানের প্রথম সেমিস্টারের ফল আটকে, বাড়ছে অনিশ্চয়তা

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে প্রায় নয় মাস আগে। অথচ এখনো প্রকাশিত হয়নি ফলাফল। এর মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শেষ করে তৃতীয় সেমিস্টারে উঠেছেন শিক্ষার্থীরা। ফল আটকে থাকায় একদিকে তাদের একাডেমিক অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে আবাসিক হলে আসন বরাদ্দ পেতেও পড়তে হচ্ছে জটিলতায়।

গত ফেব্রুয়ারিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর একই শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা একাধিক সেমিস্টারের ফল পেয়েছেন। কেউ কেউ তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিচ্ছেন। তবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখনো প্রথম সেমিস্টারের ফলের অপেক্ষায় রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফল প্রকাশ না হওয়ায় তারা আবাসিক হলে আসনের জন্য আবেদন করতে পারছেন না। একই সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অন্য বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে হলে আসন পেলেও তাদের অনেককে থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরের মেস কিংবা ভাড়া বাসায়। এতে নিয়মিত বাড়তি খরচ বহন করতে হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ফল প্রকাশ না হওয়ায় সেশনজটের আশঙ্কাও করছেন তারা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান (ছদ্মনাম) বলেন, “ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করেছি, কিন্তু এখনো ফল পাইনি। এতে আমরা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছি। ফল না পাওয়ার কারণে হলে আসনের জন্য আবেদন করতে পারছি না। বাইরে মেসে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”

একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা (ছদ্মনাম) বলেন, “আমাদের সঙ্গে একই সময়ে ভর্তি হওয়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল পেয়েছেন। তাঁরা এখন তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিচ্ছেন। অথচ আমাদের এখনো প্রথম সেমিস্টারের ফলই প্রকাশ করা হয় নাই।”

ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বপ্না পাপুল বলেন, “আমরা খাতা মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এক্সটার্নালের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ায় তার কাছ থেকে খাতা পেতে দেরি হয়। তবে গত আগস্ট মাসেই আমরা ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাই। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন জটিলতার কারণে বারবার সংশোধনী দিতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে। আমিও বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ। আমিও চাই, আমার শিক্ষার্থীরা দ্রুত ফল পাক।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে বিস্ময় প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তিনি নিশ্চিত হন, নৃবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ফল এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি। বিভাগীয় প্রধানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে তিনি জানান, গত আগস্টেই ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে।

পরে দপ্তরের কর্মকর্তাদের কাছে বিলম্বের কারণ জানতে চাইলে তারা কারিগরি সমস্যার কথা জানান। এ পরিস্থিতিতে পরদিন সকাল ১১টায় বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে জটিলতা নিরসন এবং দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ না করে তৃতীয় সেমিস্টারের কার্যক্রম শুরু হওয়ার কথা নয়। নিয়ম অনুসারে, জোড় সেমিস্টারের ফল প্রকাশের আগে পরবর্তী সেমিস্টারের কার্যক্রম শুরু করা যায় না।

বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে ফল প্রকাশের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। তবে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঠিক কবে ফল হাতে পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা জানা যায়নি।

Link copied!