প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য মোট আসনসংখ্যা কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ৫৯টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউট মিলিয়ে এবার আসন রয়েছে ৩ হাজার ৯৫৬টি। গত শিক্ষাবর্ষের তুলনায় বিভিন্ন বিভাগে মোট ৪১টি আসন কমেছে। তবে কয়েকটি বিভাগে আসন বাড়ানোও হয়েছে।
উত্তরাঞ্চলের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহারের সবুজ ক্যাম্পাসে অবস্থিত। ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ছাড়াও এখানে রয়েছে দুটি ইনস্টিটিউট। প্রতিবছর চার লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্য থেকে কয়েক হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি শনিবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি শনিবার ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল-এই আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে। একবার কেন্দ্র বেছে নিলে পরবর্তী সময়ে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
ভর্তিচ্ছুদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের আসনসংখ্যা তুলে ধরা হলো- কলা অনুষদ: ১২টি বিভাগের এ অনুষদে মোট আসন রয়েছে ৯২১টি। এ বছর দর্শন বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা হলো- দর্শন: ১০০, ইতিহাস: ১০০, ইংরেজি: ৯০, বাংলা: ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: ১০০, আরবি: ১১০, ইসলামিক স্টাডিজ: ১১০, নাট্যকলা: ২০, সংগীত: ৩০, ফারসি ভাষা ও সাহিত্য: ৬৫, সংস্কৃত: ৫৬, উর্দু: ৬০।
আইন অনুষদের দুটি বিভাগে মোট আসন ১৬০টি। এর মধ্যে আইন বিভাগে ১১০টি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদে আসন রয়েছে ৬২০টি। এ বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ছয়টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- অর্থনীতি: ৮০, রাষ্ট্রবিজ্ঞান: ৮০, সমাজকর্ম: ৭০, সমাজবিজ্ঞান: ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা: ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট: ৬০, লোক প্রশাসন: ৫০, নৃবিজ্ঞান: ৫০, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ: ৭০, আন্তর্জাতিক সম্পর্ক: ৪০।
চারুকলা অনুষদে মোট আসন ১২৫টি। এ বছর গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে পাঁচটি আসন বাড়ানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র: ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য: ৩০, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস: ৫০।
বিজনেস স্টাডিজ অনুষদে মোট আসন রয়েছে ৫০০টি। এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা: ১১০, ম্যানেজমেন্ট স্টাডিজ: ৮০, মার্কেটিং: ৯০, ফাইন্যান্স: ৯০, ব্যাংকিং ও ইনস্যুরেন্স: ৮০, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট: ৫০।
বিজ্ঞান অনুষদে মোট আসন ৬২৫টি। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পাঁচটি আসন কমেছে। অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে পাঁচটি আসন বেড়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- গণিত: ১০০, পদার্থবিজ্ঞান: ৭০, রসায়ন: ১০০, পরিসংখ্যান: ৮০, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান: ৫০, ফার্মেসি: ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: ৬০, ফলিত গণিত: ৭৫, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান: ৪০।
জীববিজ্ঞান অনুষদে মোট আসন রয়েছে ২৯৫টি। এ বছর মনোবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- মনোবিজ্ঞান: ৫০, উদ্ভিদবিজ্ঞান: ৭০, প্রাণিবিদ্যা: ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি: ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান: ৩৫, মাইক্রোবায়োলজি: ৩০।
কৃষি অনুষদে মোট আসন ১২০টি। এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন রয়েছে।
প্রকৌশল অনুষদে আসন রয়েছে ২৫৬টি। এ বছর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচটি আসন বাড়ানো হয়েছে। বিভাগভিত্তিক আসনসংখ্যা- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল: ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৪৬, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৫০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং: ৫০।
ভূ-বিজ্ঞান অনুষদের দুটি বিভাগে মোট আসন ১৩৫টি। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৭৫টি এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬০টি আসন রয়েছে।
ফিশারিজ অনুষদের ফিশারিজ বিভাগে আসন রয়েছে ৫০টি।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে মোট আসন ৫৫টি। এ বছর বিভাগটিতে পাঁচটি আসন বাড়ানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুটি ইনস্টিটিউট। এর মধ্যে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪৪টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ৫০টি আসন রয়েছে। দুই ইনস্টিটিউট মিলিয়ে মোট আসন ৯৪টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ৫৯টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউট মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য মোট আসন ৩ হাজার ৯৫৬টি। এ বছর বিভিন্ন বিভাগে আসন কমেছে মোট ৪১টি।
এ ছাড়া বিশেষ কোটায় ভর্তির সুযোগ রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৬১টি আসন সংরক্ষিত। শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ বা ইনস্টিটিউটের আসনসংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের জন্য প্রতি বিভাগের আসনসংখ্যার ৫ শতাংশ এবং জাতীয় পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের জন্য প্রতি বিভাগ বা ইনস্টিটিউটের আসনসংখ্যার ১ শতাংশ আসন বরাদ্দ রয়েছে।
