মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী ব্যাচ ‘ফাতিহ’২১’-এর উদ্যোগে আগামী ২ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করা সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, দ্বীনকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপলব্ধি এবং ইসলামি জ্ঞান ও বিশ্বাসের ভিত্তিতে এমন একটি প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সম্মেলনটি ভূমিকা রাখবে, যারা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামি মূল্যবোধের চর্চা করবে।
আয়োজক ব্যাচ ‘ফাতিহ’২১’-এর নামকরণেও রয়েছে ঐতিহাসিক প্রেরণা। মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মদ আল-ফাতিহের দৃঢ় ঈমান ও দূরদর্শিতা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাচটির এ নামকরণ করা হয়েছে। বিদায়ী ব্যাচ হিসেবে ক্যাম্পাসে কেবল স্মৃতিচিহ্ন নয়, বরং পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের দ্বীনি চেতনা ও কল্যাণমুখী জীবনবোধে অনুপ্রাণিত করার মতো কিছু রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির প্রতিনিধি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, ‘কোনো ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করাই আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য। আমাদের অগ্রজ আবাবিল’১৯ ও সালসাবিল’২০ যে কল্যাণময় ধারার সূচনা করেছিলেন, আমরা কেবল সেই আমানতকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিনীত প্রচেষ্টা করেছি।’
আয়োজকদের মতে, বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। প্রকৌশলবিদ্যার জটিলতা ও পেশাগত সাফল্যের প্রতিযোগিতার মধ্যে বস্তুবাদী চিন্তা এবং নানা অপসংস্কৃতির প্রভাব তরুণদের কখনো কখনো জীবনের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জ্ঞান ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।
প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ দেশের তরুণদের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও দ্বীনি আলোচনার প্রসারে পরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় আলোচনা ও ইসলামি শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেছেন। তাঁর উপস্থিতিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও সম্মেলনটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ক্যাম্পাসের সব পর্যায়ের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা।
সম্মেলনে নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক ও নির্ধারিত স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। গত ২০ নভেম্বর সকাল আটটা থেকে নিবন্ধন শুরু হয়েছে। ‘২১ সিরিজ’-এর পক্ষ থেকে অন্য সিরিজের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২১ টাকা। আর ‘২১ সিরিজ’-এর শিক্ষার্থীদের জন্য ফি ৫৯ টাকা। এই সিরিজের নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্যাকেজে থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক ও একটি স্মারক চাবির রিং।
নিবন্ধিত অংশগ্রহণকারীরা নির্ধারিত পিকআপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন। পিকআপ পয়েন্টের স্থান ও বিস্তারিত তথ্য পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হবে। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ধারণক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, নৈতিক দায়বদ্ধতা ও ইসলামি মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ক্যাম্পাসে কল্যাণমুখী পরিবর্তনের একটি ইতিবাচক ধারা গড়ে উঠবে।