সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা, তদন্ত দাবি শিক্ষকদের

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অপমান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদী শিক্ষকেরা। অন্যদিকে, শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে নাজমুল হুদার নিয়োগপ্রক্রিয়া এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্মারকলিপিদাতারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত সভায় ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ড. নাজমুল হুদা। অভিযোগ অনুযায়ী, ওই সভায় তিনি জ্যেষ্ঠ শিক্ষক ড. আব্দুস সাত্তারকে ‘তুমি’ বলে সম্বোধন করেন, অপমানজনক ভাষা ব্যবহার করেন এবং তাকে অবসরে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নাজমুল হুদা প্রক্টরকে ‘তুই-তোকারি’ করে সম্বোধন করেন এবং তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

অভিযুক্ত শিক্ষকের নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়েও স্মারকলিপিতে আপত্তি জানানো হয়েছে। এতে দাবি করা হয়, যথাযথ বিধিবিধান অনুসরণ না করেই তার নিয়োগ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তার বেতন-ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনি প্রচার অভিযান ‘Road to Smart Bangladesh’-এর প্রশিক্ষক ও প্রচারক হিসেবে তার ভূমিকা এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ড প্রামাণ্য নথির ভিত্তিতে পর্যালোচনার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।

এদিকে, সোমবার দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ড. সৈয়দ নাজমুল হুদাকে বের করে দেন। এ সময় তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তার অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে বহিষ্কারের দাবিতে উপাচার্য বরাবর আবেদনও করেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, “স্মারকলিপি দিয়েছে, আমি তো এটা জানি না। গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেটি আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের আহ্বায়ক ও সদস্য সচিবদের একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা ও কথা হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময় বা একে অপরের প্রতি যদি কোনো বিষয় থাকে, সেটা ওখানেই শেষ হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয় ও ভাইস চ্যান্সেলর স্যার সেখানে এসে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। আজকের ঘটনাটি সম্পূর্ণ অনভিপ্রেত। তবে প্রক্টর যেহেতু বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তার উপস্থিতিতে এবং নেতৃত্বে এ ধরনের ঘটনা ঘটায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

স্মারকলিপিতে শিক্ষকেরা অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সভার ভিডিও ও অডিও রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের দাবিও জানিয়েছেন তারা। পাশাপাশি ইউজিসির নির্দেশনার সত্যতা ও এ বিষয়ে বর্তমান প্রশাসনিক অবস্থাও যাচাই করতে বলেছেন।

অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের বিধি ও চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। একই সঙ্গে ড. আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ সংশ্লিষ্ট সবার সম্মান, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

Link copied!