প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুসনাদ ই আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ বিভাগে তিনি এ পুরস্কার পেয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান এবং এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়।
রংপুরের গঙ্গাচড়ার একটি শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মুসনাদ ই আহমদ ২০০৮ সালে কর্মজীবন শুরু করেন। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে ব্যাংকঋণের অর্থায়নে প্রতিষ্ঠা করেন স্কাইটেক সলিউশনস। সীমিত পুঁজি ও নানা আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে ৯ শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
স্কাইটেক সলিউশনস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাজারে বিপিও, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা, সফটওয়্যার উন্নয়ন, ব্যাক-অফিস পরিচালনা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক বাজারে এসব সেবা রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের তরুণদের দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতেও ভূমিকা রাখছেন মুসনাদ ই আহমদ। বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসায়িক ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে তাঁর উদ্যোগ স্থানীয় উৎপাদক, রপ্তানিকারক ও এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে। এতে দেশের রপ্তানি বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশের বিপিও ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতেও কাজ করছেন তিনি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মুসনাদ ই আহমদ বলেন, ছোট একটি উদ্যোগ নিয়ে স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন। সেই উদ্যোগের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া তাঁর জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন শুধু তাঁর একার নয়, বরং স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্ববাজারে প্রযুক্তি ও সেবা রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। তাঁর লক্ষ্য শুধু সফল প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং নতুন উদ্যোক্তা তৈরি, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা।
