সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

প্রতীকী ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এতে জানানো হয়েছে, আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো-কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ‘আইবিএ ইউনিট’-এর পরীক্ষা ৫ ডিসেম্বর, ‘বিজ্ঞান ইউনিট’-এর ১২ ডিসেম্বর, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ১৯ ডিসেম্বর এবং ‘চারুকলা ইউনিট’-এর পরীক্ষা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান ও অঙ্কন—দুই অংশের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

Link copied!