সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

কারিগরি বোর্ডে পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৮৬০ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডটির পরিসংখ্যান অনুযায়ী, ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী মোট ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। সে হিসাবে কারিগরি শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে আবেদন করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের জন্য। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি এবং বরিশালে ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৪০ হাজার ৮৩০টি।

Link copied!