সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

নজরুল বিশ্ববিদ্যালয়ে অগ্নিনিরাপত্তায় ঘাটতি, যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না কেউ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

অগ্নিনিরাপত্তার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলগুলোতে রয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র। ভবনগুলোর করিডোর, সিঁড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডার। তবে এসব নিরাপত্তাসামগ্রী থাকলেও অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর এগুলোর ব্যবহারবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে হাতের কাছে অগ্নিনির্বাপক যন্ত্র থাকা সত্ত্বেও সেগুলো কার্যকরভাবে ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হল সরেজমিনে ঘুরে দেখা যায়, ভবনগুলোর করিডোর ও সিঁড়ির পাশে অগ্নিনির্বাপক যন্ত্র হিসেবে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। তবে এসব যন্ত্রের ব্যবহারবিধি সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অস্পষ্টতা দেখা যায়। আগুন লাগলে কীভাবে সিলিন্ডারটি ব্যবহার করতে হবে কিংবা জরুরি মুহূর্তে কীভাবে দ্রুত এটি পরিচালনা করতে হবে, সে বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই।  

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তোলার উদ্যোগ দৃশ্যমান নয়। অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের পাশাপাশি সেগুলোর ব্যবহার শেখাতে নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি কিংবা ব্যবহারিক মহড়ার প্রয়োজন থাকলেও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এখন পর্যন্ত বড় পরিসরে এমন কোনো আয়োজন করা হয়নি। 

এরই মধ্যে গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেঝেতে পড়ে গিয়ে আহত হন এক নারী শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও উপস্থিত ব্যক্তিদের কেউই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম জানতেন না। ফলে তাৎক্ষণিকভাবে যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আগুন জ্বলতে থাকার পর একজন মেকানিক এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, দোলনচাঁপা হলের সার্বিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। খাবার ও আবাসিক সুযোগ-সুবিধার সংকটের পাশাপাশি এবার সামনে এসেছে অগ্নিনিরাপত্তার ভয়াবহ ঘাটতি। হলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশ জানেন না সেটি কীভাবে ব্যবহার করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ বিষয়ে শিক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো কার্যকর প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচির ব্যবস্থাও নেই। কয়েকদিন দিন আগের অগ্নিকাণ্ডের ঘটনায় এই অপ্রস্তুত অবস্থা স্পষ্ট হয়েছে। প্রশ্ন হলো, একটি আবাসিক হলে অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কেন থাকবে না? দুর্ঘটনা বলে-কয়ে আসে না; তাই শুধু নিরাপত্তাসামগ্রী স্থাপন নয়, সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা বেশ কিছুদিন আগে ফায়ার সার্ভিসের সহায়তায় একটি মহড়ার আয়োজন করেছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ে লোকবল বেশি হওয়ায় ওই মহড়ায় সবাইকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি দোলনচাঁপা হলে ঘটে যাওয়া ঘটনার পর হলটির প্রভোস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে সব হলের প্রভোস্টদের সমন্বয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমাদের দপ্তরের পক্ষ থেকেও একটি প্রশিক্ষণের আয়োজনের চেষ্টা করবো।

Link copied!