প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সংখ্যায় ১১টি বোর্ডের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে।
অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি এবং দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
