সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

নজরুল বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন ‘শব্দকুঞ্জ’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা ‘তোরা সব জয়ধ্বনি কর’ ও কেক কর্তনের আয়োজন করে সংগঠনটি।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ডেমনস্ট্রেটর ও শব্দকুঞ্জের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক আরিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী।

আবৃত্তি সন্ধ্যায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তিশিল্পীরা বিভিন্ন কবির কবিতা পরিবেশন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শব্দকুঞ্জের আবৃত্তিশিল্পী এবং নানা বয়সী দর্শনার্থীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শব্দকুঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক আরিফ হাসান বলেন, ‘কবিদের লেখা আমরা আমাদের মতো করে উচ্চারণের চেষ্টা করি। শব্দকুঞ্জ কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয়। আমরা শুধুই আবৃত্তিচর্চা করি।’

সংগঠনটির অর্জন তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের প্রাপ্তি হলো, বাংলাদেশের অনেক স্কুল-কলেজে শব্দকুঞ্জ থেকে আবৃত্তি শিখে অনেকে সুনামের সঙ্গে আবৃত্তি শেখাচ্ছেন। এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের।’

আবৃত্তি পরিবেশনা শেষে কেক কর্তনের মধ্য দিয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

Link copied!