প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১১টি শিক্ষা বোর্ডে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাঁদের জমা দেওয়া ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষাবোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাইয়ের পর ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে এ হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭৭২ জনের।
অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জনের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তনের হারের দিক থেকে ময়মনসিংহ বোর্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। ২২ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে।
