প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
একাধিক বিদ্যুৎ ও গ্যাস মিটারের তথ্য এক জায়গায় দেখার সুবিধা দিতে ‘বিলবোর্ড’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে নেসকো, ডেসকো ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের বিভিন্ন সংযোগের প্রয়োজনীয় তথ্য একসঙ্গে দেখা যাবে।
অ্যাপটির নির্মাতা জানান, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের যেসব বাসার মালিককে একাধিক মিটারের হিসাব রাখতে হয়, তাঁদের প্রয়োজন বিবেচনা করেই অ্যাপটি তৈরি করা হয়েছে। নিজেদের একাধিক মিটারের তথ্য ব্যবস্থাপনায় ব্যবহারের পর সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়।
অ্যাপটিতে নেসকোর প্রিপেইড মিটারের বর্তমান ব্যালেন্স, রিচার্জ, মাসিক বিদ্যুৎ ব্যবহারের তথ্য এবং ব্যালেন্স কতদিন চলতে পারে তার পূর্বাভাস দেখা যাবে। ব্যালেন্স কমে গেলে নোটিফিকেশনের মাধ্যমেও ব্যবহারকারীকে জানানো হবে।
নেসকোর পোস্টপেইড গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল ও গ্রাহকের প্রয়োজনীয় তথ্য দেখার সুবিধা রয়েছে। অন্যদিকে ডেসকোর প্রিপেইড গ্রাহকরা মিটারের বর্তমান ব্যালেন্স, রিচার্জের ইতিহাস, গত ১২ মাসের বিদ্যুৎ ব্যবহারের তথ্য এবং মিটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের গ্রাহকদের জন্য বকেয়া বিল, সর্বশেষ বিল পরিশোধের তথ্য, বিলের মাসসহ প্রয়োজনীয় তথ্য দেখার সুবিধা রাখা হয়েছে।
একই ধরনের একাধিক মিটার সহজে শনাক্ত করতে ব্যবহারকারীরা প্রতিটি মিটারের আলাদা নাম দিতে পারবেন। ফলে একাধিক সংযোগের হিসাব রাখা আরও সহজ হবে।
অ্যাপটির নির্মাতার দাবি, এটি ব্যবহারের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি বা লগইনের প্রয়োজন নেই। ব্যবহারকারীর তথ্য কোনো আলাদা ক্লাউড বা তৃতীয় পক্ষের সার্ভারে পাঠানো হয় না। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে গুরুত্ব দিয়েই অ্যাপটি তৈরি করা হয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপটির লিংক: বিলবোর্ড
