যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন করা হচ্ছে ‘ইর্তিকা-২১’। এতে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনার পাশাপাশি থাকছে গাইডেন্স সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক সন্ধ্যা। গাইডেন্স সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আলোচক শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। আর সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটি ‘উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তে’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিদায়ী সংবর্ধনায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে দেওয়া হবে একটি আল-কুরআনুল কারিম, পোলো শার্ট অথবা স্কার্ফ, উত্তরীয়, সম্মাননা স্মারক, চাবির রিং ও উপহারের ব্যাগ। অন্যদিকে নবীনবরণে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনদের প্রত্যেকের জন্য থাকছে একটি আল-কুরআনুল কারিম, পোলো শার্ট অথবা স্কার্ফ, চাবির রিং ও উপহারের ব্যাগ।
সোমবার বিকেল সাড়ে ৪টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামি সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত গাইডেন্স সিম্পোজিয়ামে আলোচনা করবেন শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এ সময় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে।
এরপর রাত সাড়ে ৭টায় সীরাহ ও ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে রাত সাড়ে ৮টা থেকে ‘মাহফিল এ ইর্তিকা’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে আজাদী মঞ্চ।
আয়োজনের বিষয়ে যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, এবারের অনুষ্ঠানের প্রধান আয়োজনগুলোর মধ্যে রয়েছে নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা, গাইডেন্স সিম্পোজিয়াম ও ‘মাহফিলে ইর্তিকা’ সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় চার থেকে পাঁচ দিন ধরে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে ব্যাপক সাড়া মিলেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক বিভাগে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। নিবন্ধনকারী সবাই এসব পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন। পুরো আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্মুক্ত থাকবে। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার আহ্বান জানান তিনি।