প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
চীনে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদনের সুযোগ রয়েছে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে ‘টাইপ-এ’ ক্যাটাগরিতে এসব বৃত্তির জন্য আবেদন করা যাবে।
আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী ১০ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে।
প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষাভেদে ভর্তির শর্তে ভিন্নতা থাকতে পারে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে কর্মসূচির ধরন অনুযায়ী। শর্তগুলো হলো-
- স্নাতক পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বয়স সাধারণত ২৫ বছরের নিচে হতে হবে।
- স্নাতকোত্তর পর্যায়ে ৩৫ বছরের নিচে হতে হবে।
- পিএইচডি পর্যায়ে ৪০ বছরের নিচে হতে হবে।
- সাধারণ স্কলার কর্মসূচিতে বয়সসীমা ৪৫ বছর।
- সিনিয়র স্কলার কর্মসূচিতে বয়সসীমা ৫০ বছর।
বৃত্তির সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে চীনে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন। বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা। মাসিক জীবনযাত্রার ভাতা। বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া।
আবেদন করবেন যেভাবে
চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ‘০৫০১’ ব্যবহার করতে হবে।
এরপর আবেদনকারীকে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার বা অন্যান্য ধাপেও অংশ নিতে হতে পারে।
আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা জানা যাবে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে।
