প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘এমজিআই-এমএএ বৃত্তি’ প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ২৪ হাজার টাকা করে বৃত্তি পাওয়ায় মোট বিতরণ করা হয়েছে ২১ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমএএ) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) যৌথভাবে এ বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করে। এক কোটি টাকার স্থায়ী তহবিলের আয় থেকে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বৃত্তির গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
