বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বৃত্তি, মিলবে টিউশন ফি ও ভাতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম

সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির সুযোগ রয়েছে। মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, জীবনযাত্রার ভাতা, যাতায়াত ভাতা ও স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারেন। এ বৃত্তিতে দেশি-বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গবেষণাক্ষেত্রে এ বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, কম্পিউটারবিজ্ঞান, আইন, বিজ্ঞান, সংগীত ও ভেটেরিনারি বিজ্ঞান উল্লেখযোগ্য।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা পূরণ করতে হবে। শিক্ষাগত ফলাফল, গবেষণার সম্ভাবনা এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হয়। নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী ভর্তির শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে।

বৃত্তির সুযোগ-সুবিধা

গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রির জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত টিউশন ফি মওকুফের সুযোগ রয়েছে।

২০২৬ সালের পূর্ণকালীন অধ্যয়নের হারে জীবনযাত্রার জন্য বছরে ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার ভাতা দেওয়া হয়। এ ছাড়া যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বাস্থ্যবিমা এবং অস্ট্রেলিয়ার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা নির্ধারিত শর্তে যাতায়াত বা স্থানান্তর ভাতা পেতে পারেন। পিএইচডির ক্ষেত্রে জীবনযাত্রার ভাতা সাধারণত সর্বোচ্চ সাড়ে তিন বছর পর্যন্ত দেওয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য সাধারণত শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত, সুপারিশপত্র এবং গবেষণাসংক্রান্ত তথ্য প্রয়োজন হতে পারে। প্রোগ্রাম অনুযায়ী গবেষণা প্রস্তাব, প্রকাশিত গবেষণাপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ বা অন্যান্য নথি চাওয়া হতে পারে।

আবেদনের সময়সীমা

গবেষণাভিত্তিক প্রোগ্রামে নতুন আবেদনকারীদের বৃত্তির জন্য সাধারণত আলাদা আবেদন করতে হয় না; নির্ধারিত সময়ের মধ্যে কোর্সে ভর্তির আবেদন করলে যোগ্য প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হতে পারেন। তবে আগে ভর্তি হয়ে পরবর্তী বছরের জন্য বৃত্তি পুনর্বিবেচনা চাইলে অথবা বর্তমানে অধ্যয়নরত থাকলে ৩১ অক্টোবরের মধ্যে আলাদা আবেদন প্রয়োজন হতে পারে। অনুষদ ও প্রোগ্রামভেদে সময়সীমা ভিন্ন হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট নির্দেশনা যাচাই করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বৃত্তির ওয়েবসাইট দেখুন

Link copied!