বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

দুপচাঁচিয়া সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

দুপচাঁচিয়া সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“Education is the backbone of a nation” এবং “Success comes through hard work, dedication and discipline”—এই নীতিবাক্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ রাজু আহম্মেদের সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুপচাঁচিয়া সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাজেদুর রহমান, দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম লিটন, প্রাক্তন শিক্ষক মো. আয়েত আলী ও চিকিৎসক মো. শাহিনুর রহমান।

বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সময়ের সঠিক ব্যবহারের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!