বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

সংগৃহীত

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে এবং রক্তদাতাদের সহজে খুঁজে পেতে চালু হলো নতুন অ্যাপ ‘JnURedDrop’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জকসু ) এর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২ টায় জকসু কার্যালয়ে এক অনুষ্ঠানে অ্যাপটির শুভ উদ্বোধন করা হয়। জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।​

জরুরি মুহূর্তে পরিচিতজনদের কাছে বারবার খোঁজ নেওয়ার ঝামেলা এড়াতে এবং দ্রুততম সময়ে রক্ত পেতে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপের মাধ্যমে জবি পরিবারের সদস্যরা রক্তের গ্রুপ অনুযায়ী খুব সহজেই রক্তদাতা খুঁজে পেতে পারবেন। একইসঙ্গে যারা নিয়মিত রক্তদান করতে আগ্রহী, তারা নিজেদের তথ্য নিবন্ধন করে সম্ভাব্য রক্তদাতা হিসেবে যুক্ত হতে পারবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের একটি শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকসু ভিপি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রায় সময়ই দেখা যায়, রক্তের অভাবে আমাদের শিক্ষার্থীরা কিংবা তাদের পরিবার চরম বিপাকে পড়েন। জকসুর সমাজসেবা সম্পাদকের এই উদ্যোগ আমাদের সেই দীর্ঘদিনের সংকট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ। আমি বিশ্বাস করি, JnURedDrop অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পাবে এবং বহু মূল্যবান প্রাণ রক্ষা পাবে।”

​অ্যাপটির উদ্যোক্তা ও জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “জরুরি মুহূর্তে রক্তের জন্য শিক্ষার্থীদের আকুতি আমাদের সবসময়ই ভাবাতো। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্যই আমরা ‘JnURedDrop’ অ্যাপটি নিয়ে কাজ করেছি। এর মাধ্যমে রক্তগ্রহীতা ও রক্তদাতার মধ্যকার দূরত্ব ঘুচে যাবে। জবি পরিবারের সবার সম্মিলিত সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি একটি জীবনরক্ষাকারী নেটওয়ার্কে পরিণত হবে বলে আমার বিশ্বাস।”

​জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য আকিব হাসান ও আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যাপটির সফল ও সর্বাত্মক ব্যবহারের আশাবাদ ব্যক্ত করা হয়।

Link copied!