প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
পরীক্ষার্থীকে বাসায় ডেকে টাকার বিনিময়ে উত্তরপত্রে লিখে দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী।
একটি গণমাধ্যমে ‘বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্তে উদ্যোগ নেয় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ স্বাক্ষরিত বৃহস্পতিবারের এক অফিস আদেশে বলা হয়, পরীক্ষক সেকেন্দার আলী—রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক—ফোন করে পরীক্ষার্থীদের বাসায় ডেকে টাকার বিনিময়ে খাতায় লিখে নম্বর বাড়িয়ে দিয়েছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা বোর্ড। কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইব্রাহিম হোসেনকে।
তদন্ত কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।
