শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, বিজ্ঞান ইউনিট ২৭ মার্চ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ বি ইউনিট (কলা), ২০ মার্চ সি ইউনিট (বাণিজ্য) এবং ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় আগামী সভায় চূড়ান্ত করা হবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

গতবার অংশ নেয় ২০ বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আসন্ন শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষায় পাঠদানের অনুমতি পাওয়া নতুন আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলেও জানা গেছে।

Link copied!