বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের ‘ফ্রেশার্স রিসেপশন ও সিনিয়রস হারমনি’

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

হাওর-পাহাড়-নদী বেষ্টিত আমাদের নেত্রকোনা, সহজ সরল মিষ্টি স্বভাব আর অতিথি পরায়ণা’—এই স্লোগানকে ধারণ করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ‘ফ্রেশার্স রিসেপশন ও সিনিয়রস হারমনি-২০২৬’।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনা থেকে আগত নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুজিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা ও উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম এবং নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেবব্রত সরকার।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা আঞ্চলিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেত্রকোনার সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানোর পাশাপাশি সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Link copied!