প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হয়।
মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের আগ্রহ প্রকাশ করেছিলেন মোট ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় একাদশ শ্রেণির ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী।
মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করার সুযোগ দেওয়া হয়। তবে মনোনয়ন পাওয়া ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী কলেজ নিশ্চয়ন করেননি। অন্যদিকে, ফল প্রকাশের পর ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী কলেজ নিশ্চয়ন করেছেন।
এর আগে, গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
