প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত প্রজ্ঞাপনে ছুটির নতুন তারিখের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সংশোধন আনা হয়। এর আগে গত ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখও এক দিন এগিয়ে আনা হয়েছে।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ছুটির পর বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে ফিরতে হবে।
তবে পরবর্তী দুই দিন, অর্থাৎ ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ অবস্থায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান তাঁর সংরক্ষিত ছুটি থেকে ২৪ সেপ্টেম্বর ছুটি দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে টানা চার দিনের ছুটি হতে পারে।
