প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌপথে লোড-আনলোডের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ও ন্যায্য দাবি নিয়ে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ, মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর ইজারাদারের মাধ্যমে নৌপথে লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা করে আদায় করা হচ্ছে। এতে লোড ও আনলোড মিলিয়ে মোট ৫ টাকা ৬০ পয়সা অতিরিক্ত টোল দিতে হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, প্রায় তিন থেকে চার মাস ধরে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও একাধিকবার অভিযোগ করা হয়েছে বলে তারা জানান।
শ্রমিক ও ব্যবসায়ীরা আরও বলেন, তাদের দাবির পক্ষে বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়া প্রতিবাদ করায় একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান তারা।
সভায় শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত হয়েছেন বলে জানান শ্রমিকরা।
তারা আরও দাবি করেন, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ তাদের নাম জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়; এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। তবে শ্রমিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র গ্রহণ এবং লাইসেন্সের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
সভায় মিনি স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন, লাল মিয়া, রহম আলী, লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন, জয়ধর আলীসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
