প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তামান্না ইয়াসমিনের মা সার্ভাইকাল ক্যান্সারে (জরায়ুমুখ ক্যান্সার) আক্রান্ত। বর্তমানে তিনি ক্যান্সারের তৃতীয় (স্টেজ-৩) পর্যায়ে রয়েছেন। চিকিৎসা চালিয়ে যেতে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যের কারণে এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। মায়ের চিকিৎসার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তামান্না।
তামান্না জানান, গত ৮ সেপ্টেম্বর পরীক্ষা-নিরীক্ষার পর তার মায়ের সার্ভাইকাল ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হবে। পরবর্তী সময়ে কেমোথেরাপির পাশাপাশি রেডিয়েশন থেরাপিও চালিয়ে যেতে হবে।
গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার মায়ের প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রতি ২১ দিন পরপর কেমোথেরাপি দেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি একসঙ্গে চালিয়ে যেতে হবে।
তামান্না বলেন, তার বাবা অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারী। বর্তমানে তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। ফলে পরিবারের সীমিত আয়ের মধ্যে মায়ের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘মায়ের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিলে উপকার হবে।’
মায়ের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামান্না।
সহযোগিতা পাঠানোর মাধ্যম
বিকাশ (Personal): 01999666617
রকেট (Personal): 015160866610
ব্যাংক হিসাব
অ্যাকাউন্টের নাম: TAMANNA YESMIN
অ্যাকাউন্ট নম্বর: 20501136700382604
ব্যাংক: ইসলামী ব্যাংক লিমিটেড
শাখা: আলুপট্টি, রাজশাহী
যোগাযোগ: 01516086661
এ ছাড়া নিজের তৈরি কিছু শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ মায়ের চিকিৎসায় ব্যয় করতে চান তামান্না। তার শিল্পকর্ম কিনে চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
