প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’কে বাংলাভাষায় রচিত অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বইটিকে ‘অবশ্যপাঠ্য’ বলেও মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
সালেহ হাসান নকীব বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাভাষায় রচিত অন্যতম শ্রেষ্ঠ কাজ। তাঁর মতে, বইটির মাধ্যমে শেখ মুজিবুর রহমানের জীবনের অর্ধেকটা অনেকটাই জানা যায়। তবে ‘অসমাপ্ত আত্মজীবনী’র শেখ মুজিবের সঙ্গে স্বাধীনতাত্তোর শেখ মুজিবকে মেলানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, তাঁর চোখে শেখ মুজিব অনেক কিছু। এর মধ্যে একটি বড় পরিচয় হচ্ছে ইতিহাসের এক ট্র্যাজেডি—সম্ভাবনার মৃত্যু এবং নিদারুণ অপচয়। একই সঙ্গে তিনি শেখ মুজিবকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চরিত্র হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি মানুষকে মানুষ হিসেবে বিচার করতে অভ্যস্ত। কখনোই শেখ মুজিবের ভক্ত ছিলাম না। এই দেশের কোনো রাজনৈতিক নেতা-নেত্রীরও ভক্ত ছিলাম না। কারও কোনো দোষকে আমি ডিফেন্ড করি না। যেখানে যার যেটুকু পাওনা, তা দেওয়ার পক্ষে আমি সব সময়।’
এদিকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, ইউপিএল থেকে বইটি বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি শুনেছেন এবং বিষয়টিকে নিন্দনীয় বলে উল্লেখ করেন। ২৮ সেপ্টেম্বর ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে বইটি বিক্রিকে কেন্দ্র করে তালা দেওয়ার এবং দুই কর্মীকে আটকে রাখার অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সালেহ হাসান নকীব আরও বলেন, ‘জানি না, কোন ধরনের বিকৃত মস্তিষ্ক থেকে এ ধরনের চিন্তার জন্ম হয়েছে।’
