প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শৃঙ্খলা কমিটির ৫৫তম সভা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় বাউবির শৃঙ্খলা কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।
এছাড়াও সভায় শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার গুণগত মান বজায় রাখা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সকল প্রকার অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
