প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)-এর বর্ষসেরা রিপোর্টার হিসেবে মনোনীত হয়েছেন ক্যাম্পাস রিপোর্ট এর ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি মো. রাকিব হোসেন।
গত ২১ আগস্ট (শুক্রবার) সংগঠনটির বার্ষিক আনন্দ ভ্রমণ ‘স্মৃতি যাত্রা’ অনুষ্ঠানে কুভিকসাসের প্রাক্তন দায়িত্বশীলদের কাছ থেকে তিনি বর্ষসেরা রিপোর্টারের সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে মো. রাকিব হোসেন বলেন, “সাংবাদিকতার অঙ্গনে পথচলার শুরুটা হয়েছিল শেখার তাগিদ আর সত্যকে তুলে ধরার দায়বদ্ধতা থেকে। সেই ছোট্ট প্রচেষ্টা আজ বড় প্রাপ্তিতে রূপ নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি-কুভিকসাসের বর্ষসেরা রিপোর্টার হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “একটি সংগঠনের কাছে নিজের কাজের মূল্যায়ন পাওয়া যেকোনো সদস্যের জন্যই পরম আনন্দের। প্রিয় কুভিকসাস পরিবার আমাকে সেই সম্মান ও স্বীকৃতিতে ভূষিত করেছে। বর্ষসেরা রিপোর্টারের এই গৌরবময় সম্মাননা স্মারকটি শ্রদ্ধেয় প্রাক্তন ভাইদের হাত থেকে গ্রহণ করতে পেরে আনন্দ আরও বহুগুণ বেড়েছে।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের নানা বিষয় তুলে ধরে আসছে।
