রবিবার ২৩, আগস্ট ২০২৬

রবিবার ২৩, আগস্ট ২০২৬ -- : -- --

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,হামলা

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

ফাইল ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসের ভেতরে কলেজের আবাসিক কবি কাজী নজরুল ইসলাম হলের এক শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শনিবার সন্ধ্যায় কলেজের নবাব ফয়জুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল হল ও ফয়জুন্নেসা হলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষার্থী।
 
পুনরায় হামলার শিকার হওয়ার ভয়ে নাম পরিচয় গোপন রেখে ওই শিক্ষার্থী জানান, সন্ধ্যায় কর্মস্থল থেকে কলেজের ভেতর দিয়ে নজরুল হলে ফিরছিলেন। ফয়জুন্নেসা হলের কোনায় ৮-১০ জনের কিশোর গ্যাংয়ের গ্রুপ সড়কে বসে চাকু ধার দিচ্ছিল। ফেরার পথে তাদের দেখে ফেলেন ওই শিক্ষার্থী। পরে তাকে ডেকে নেন কিশোর গ্যাংয়ের ওই দল।
 
এসময় তারা ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন সে কোথায় থাকেন। উত্তরে ওই শিক্ষার্থী বলেন 'নজরুল হলে।' পরে কিশোরদের মধ্যে একজন বলেন, 'ভিক্টোরিয়া কলেজ আর নজরুল হল আমাদের।' উত্তরে ওই শিক্ষার্থী বলেন, 'আমাদের মানে বুঝিনি।' একথা বলার সঙ্গে সঙ্গে 'বুঝোসনি, ভিক্টোরিয়া কলেজ আমাদের' বলেই তার ওপর হামলা করেন ওই কিশোরদের দল। পরে কোন মতে বেরিয়ে এসে দৌঁড়ে নজরুল হলে যান তিনি। হলের শিক্ষার্থীরা এসে ওই কিশোরদের একজনকে ধরে হলে নিয়ে যান। পরে স্থানীয়দের আশ্বাসে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
 
এ বিষয়ে নজরুল হলের প্রভোস্ট নূর মোহাম্মদ হারেছী জানান, শিক্ষার্থীদের সঙ্গে কিশোরদের ঘটনাটি শুনেছি। তবে কোন শিক্ষার্থীকে হামলা করা হয়েছে এমন কিছু আমাকে কেউ জানায়নি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Link copied!