প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "বাংলাদেশের উচ্চশিক্ষার অ্যাক্রেডিটেশন বা প্রত্যয়ন প্রস্তুতি" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
বিশেষ অতিথি ও অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার মূল্যায়নমূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মো. মাহবুব আলাম।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) যৌথ স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়।
