বুধবার ১৯, আগস্ট ২০২৬

বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --

নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে  সভাপতি নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কার্যালয়ে   কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগের একজন শিক্ষককে বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ বিভাগ থেকেই বিভাগীয় সভাপতি নিয়োগের দাবি জানান তারা।

গতকাল শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, সম্প্রতি এশিয়া পোস্টে ৪০৪ জন অভিযুক্ত শিক্ষকের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম রয়েছে। ওই তালিকায় সংশ্লিষ্ট বিভাগের বর্তমান চেয়ারম্যানের নামও রয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় সাময়িকভাবে ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মার্কেটিং বিভাগ থেকেই পরবর্তী বিভাগীয় সভাপতি নিয়োগের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন এবং ঘোষিত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

স্মারকলিপিতে, দ্রুত তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং মার্কেটিং বিভাগ থেকেই যোগ্য শিক্ষককে বিভাগীয় সভাপতি হিসেবে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। সময় স্বল্পতার কারণে উপাচার্যের কাছে তা দেওয়া সম্ভব হয়নি। আগামী শনিবার উপাচার্যের কাছে স্মারকলিপিটি দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিষয়টির সমাধান হবে।

এর আগে মঙ্গলবার নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিভাগ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

Link copied!