তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম
বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের বাংলোর পুকুরে মাছের খাবার বাবদ বাজেট এবং প্রকৃত ব্যয় নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ২০২৪-২৫ অর্থবছরে এই পুকুরের মাছের খাবারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং পরবর্তী বছরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার অফিশিয়াল নথি অনুযায়ী এই দাবিটি সঠিক নয়।
উপাচার্যের বাংলোর পুকুরের মাছ ও প্রাণীর খাদ্য বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ‘১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে’-সম্প্রতি প্রকাশিত এমন একটি সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার নথি পর্যালোচনায় দেখা গেছে, সংশ্লিষ্ট খাতে দেড় লাখ টাকা ব্যয় নয়, প্রকৃত ব্যয় হয়েছে ২৮ হাজার ৪৫০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ‘৩২৫১১০৬-মাছ ও প্রাণী খাদ্য’ খাতের ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরের সরকারি হিসাব বিবরণী অনুযায়ী, এ খাতে মোট বরাদ্দ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তবে এই অর্থ পুরোপুরি ব্যয় করা হয়নি।
নথি অনুযায়ী, অর্থবছরজুড়ে চারটি ভাউচারের মাধ্যমে এ খাতে মোট ২৮ হাজার ৪৫০ টাকা ব্যয় হয়েছে। ভাউচারগুলো যথাক্রমে ৩০ জুলাই ২০২৪, ৪ মার্চ ২০২৫, ৪ মে ২০২৫ ও ১৫ মে ২০২৫ তারিখের।
অর্থবছর শেষে এ খাতে অব্যয়িত ছিল ১ লাখ ২১ হাজার ৫৫০ টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮১ শতাংশ। ফলে নথি অনুযায়ী, ১ লাখ ৫০ হাজার টাকা ছিল খাতটির বরাদ্দ বা সর্বোচ্চ ব্যয়সীমা, প্রকৃত ব্যয়ের পরিমাণ নয়।
অর্থাৎ, প্রকাশিত সংবাদে ‘বরাদ্দ’ ও ‘ব্যয়’কে একই অর্থে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা নথির তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থবছরে পুরো ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা জানিয়েছেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাংলোর পুকুর নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। তাঁদের দাবি, প্রকাশিত সংবাদটি মনগড়া, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিব্রতকর।
উল্লেখ্য, উপাচার্যের বাংলোর পুকুর নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।