ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক সংগঠন 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোজাহিদ হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
নব-মনোনীত সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, "বাংলাদেশ তরুণ লেখক ফোরাম সবসময় তরুণ লেখকদের নিয়ে কাজ করে। তরুণ সমাজই দেশের মুল চালিকাশক্তি। সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের যারা নতুন শিক্ষার্থী, যারা লিখতে ভালোবাসে, তাদের সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা। যাতে লেখনীর মাধ্যমে আমরা দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি।"
নব-মনোনীত সভাপতি রবিউস সানি জোহা বলেন, "সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের সমন্বয়ে আমাদের শাখাকে একটি প্রাণবন্ত, আলোকিত এবং সম্ভাবনাময় সাহিত্যিক-বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।"
প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।