তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম
বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের পথও সহজ করবে।”
এ বিষয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের যোগাযোগ বাড়লে উভয় পক্ষই উপকৃত হবে। শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে কাজে আসবে।”
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক বলেন, “এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ তৈরি হবে। একই সঙ্গে বিভাগ ও শিল্পখাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে এবং শিক্ষার্থীরা ইন্টার্ণশিপের ও সুযোগ পাবেন।"
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, মো. শাহীনুর রহমান, আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মো. রাসেল উদ্দিন, ফাহিমুল কাদের সিদ্দিকী, শরীফা আক্তার নিপা, প্রভাষক মো. সোবহান আলীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রশিদুল সুলতান বাবলু, কামাল হোসেন, ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।