প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন-এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি সাবেক এই তারকা কিংবা তাঁর প্রতিনিধিরা।
তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
শেখ হামাদার উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
আলি শাহিনের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি শেখ হামাদার সঙ্গে দেখা করে কার্লোস শাহাদাহ পাঠ করেন। পরে তিনি ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডারকে অভিনন্দন জানান এবং তাঁর ও পরিবারের সুখ-শান্তি কামনা করেন।
ইসলাম গ্রহণের গুঞ্জনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। মরোক্কান বংশোদ্ভূত স্পেনভিত্তিক খেলোয়াড় এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিয়েটি সম্প্রতি অনুষ্ঠিত হয়নি। চলতি বছরের জানুয়ারিতে তাঁদের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং ২৫ জুলাই পারিবারিকভাবে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রে তাঁদের পরিচয় এবং পরে সম্পর্কের শুরু বলে জানা গেছে।
কার্লোসের বিয়ের আনুষ্ঠানিকতায় শেখ জিহাদ হামাদা যুক্ত ছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ কারণেই বিয়ের খবরের সঙ্গে ইসলাম গ্রহণের গুঞ্জনটিও নতুন করে জোরালো হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ও সংসদ সদস্যের দাবির পর খবরটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লেও রবার্তো কার্লোস নিজে এখনো কোনো বক্তব্য দেননি। তাঁর পরিবার বা প্রতিনিধিদলের পক্ষ থেকেও ইসলাম গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তাই কার্লোসের ধর্মান্তরের খবরটি আপাতত দাবি বা প্রতিবেদনের পর্যায়েই রয়েছে। তাঁর নিজের বক্তব্য না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত হিসেবে গণ্য করা যাচ্ছে না।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ বর্ণিল ক্যারিয়ার গড়েছেন রবার্তো কার্লোস। ক্যারিয়ারের শেষদিকে তিনি তুরস্কের ক্লাব ফেনেরবাহচেতেও খেলেছেন। তুরস্কের সঙ্গে তাঁর আগের সম্পর্কের কারণে দেশটির সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত খবরটি ব্যাপকভাবে ছড়িয়েছে।
