প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। নতুন পে-স্কেল কবে ঘোষণা হবে কিংবা কখন কার্যকর হবে এমন প্রশ্নের নির্দিষ্ট উত্তর না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার উপকরণ হয়ে উঠেছে আশির দশকের জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’।
রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটি ব্যবহার করা হয়েছিল ‘অবুঝ হৃদয়’ সিনেমায়। গানটির ‘কেউ জানে না’ কথাগুলো পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলে যাওয়ায় নতুন করে গানটির ভিডিও শেয়ার করছেন অনেকে।
পে-স্কেল নিয়ে প্রতিদিনই নতুন আলোচনা, সম্ভাব্য সময়সীমা ও সিদ্ধান্তের খবর সামনে আসছে। তবে চূড়ান্ত ঘোষণা না আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’
ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’
এই ধরনের পোস্ট ও মন্তব্যের মাধ্যমে গানটির ‘কেউ জানে না’ অংশটি পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে।
সম্প্রতি গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের সঙ্গে গানের ‘কেউ জানে না’ অংশটি ব্যবহার করা হয়েছে। পে-স্কেল নিয়ে চলমান আলোচনার সঙ্গে মিল থাকায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ইউটিউবেও গানটির জনপ্রিয়তা এখনো রয়েছে। এরই মধ্যে গানটি প্রায় ১ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’-এর কথা লিখেছেন সংগীত পরিচালক ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাফর ইকবাল ও ববিতা।
কয়েক দশক আগে মুক্তি পাওয়া গানটি এবার কোনো নতুন সংগীত আয়োজন বা শিল্পীর নতুন কাজের কারণে নয়, বরং পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা ও অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিলের কারণে আবার আলোচনায় এসেছে।
