হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখা। আজ ২৮ জুলাই ২০২৬ ইং তারিখে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর এই যৌক্তিক দাবিসমূহ পেশ করা হয়।
পেশকৃত দাবিনামায় ছাত্রদল নেতৃবৃন্দ মূলত একাডেমিক সংস্কার, শিক্ষার্থীদের আর্থিক সুবিধা এবং ক্যাম্পাসের অবকাঠামোগত আধুনিকায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে,শিক্ষার্থীদের স্বার্থবিরোধী তথাকথিত 'স্টার মার্ক' পদ্ধতি অবিলম্বে বাতিল করা এবং দীর্ঘদিনের সেশনজট নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা। একই সাথে মিডটার্ম ও কুইজের ফলাফল সর্বোচ্চ ১৫ কার্যদিবস এবং ফাইনাল পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে প্রকাশ করে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণের দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মেধা ও গবেষণার মানোন্নয়নে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য পর্যাপ্ত গবেষণা অনুদান, আধুনিক ল্যাব সুবিধা, যুগোপযোগী শিক্ষা উপকরণ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারকে ই-রিসোর্সের আওতায় এনে দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে দাবিনামায়। এছাড়া প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের প্রাপ্য স্টাইপেন্ডের অর্থ নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রদান এবং ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ইন্টার্নশিপ ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ক্যাম্পাসের আবাসন ও দৈনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে ছাত্রদল প্রতিটি হলে উন্নত মানের রিডিং রুম স্থাপন, একাডেমিক ভবনগুলোর লিফট সচল ও আধুনিকায়ন, স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নির্মাণ এবং প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করার জোর দাবি জানায়। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, "সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং হাবিপ্রবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন অতি দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"
দাবি পেশ করার পর হাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন, "বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষার্থী।আজকে আমাদের এই দাবি আমি প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের দাবি হিসেবে মনে করি। শিক্ষার্থীদের কল্যাণে হাবিপ্রবি ছাত্রদল সবসময় পাশে থাকবে।আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।"