প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে অনির্বাণ ত্রিপুরাকে সভাপতি, চন্দ্রিকা তঞ্চঙ্গ্যাকে সহ-সভাপতি, মোজুল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, ক্রাচিংনু মারমা (লেলি)-কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া নয়ন ত্রিপুরা দপ্তর সম্পাদক, রেমা লিরা স্নাল অর্থ সম্পাদক, মানিক ত্রিপুরা প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাবুইরুং ত্রিপুরা মার্গারেট সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, উষ্ণ বর্মন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সুসমি ত্রিপুরা ও কাঞ্চন চাকমাকে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক ঐক্য এবং নিজস্ব সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অনির্বাণ ত্রিপুরা বলেন, “আমার প্রতি আস্থা রাখায় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীর শিক্ষা, অধিকার, ঐক্য ও সাংস্কৃতিক বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সেমিনার, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক সেবামূলক উদ্যোগ ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম আদর্শ ছাত্রসংগঠনে পরিণত করতে সক্ষম হবেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত নেতারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আদিবাসী শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
