প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিএসই ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
এ সময় বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক মো. জহুরুল হক এবং প্রভাষক জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। কর্মজীবনে দক্ষতা, মেধা ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
