ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
সোমবার ২৭, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন উপ-উপাচার্য এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তারা।
সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির সহকারী সচিব সুলতান আহমেদ এর সাক্ষর করা দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচর্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপ-উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাদের নিয়োগ বাতিল করতে পারবেন বলেও এতে জানানো হয়।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই সেক্টরটিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও প্রশ্নহীনভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
নব নিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই দায়িত্বে আসীন হওয়ার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাকে পদের জন্য যোগ্য মনে করায় বর্তমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপ-উপাচার্য পদটি মূলত উপাচার্যকে সহায়তা করার জন্য। আমি আমার এই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পোঁছানোর জন্য আমরা একসাথে কাজ করব।